ফাঁসিতে হাসি ফুটবে তো?
বাংলাদেশে এখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ভারত, পাকিস্তান, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, চীনসহ বেশ কয়েকটি দেশে আগে থেকেই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ছিল। পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই যদি বলি- দেশটিতে রোজই ঘটে চলছে ধর্ষণের ঘটনা। মৃত্যুদণ্ড দিয়েই মানুষের মনের কদর্যতার অন্ধকার রোধ করা যায় না। তাহলে যেসব দেশে আগে থেকেই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ছিল সেসব দেশে আর এ ধরনের ঘটনা ঘটত না।
অনুভূতিশূন্য মানুষের অপরাধের পরিণাম সম্পর্কে চিন্তা করার ক্ষমতা থাকে না। অন্ধচিন্তার মানুষ অনেক সময় ভাবেন, তারা যা করছেন তা তেমন কিছু না। যে কারণে আমি মনে করি, কঠিন শাস্তির বিধান রেখে ধর্ষণের মতো সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়। তবে, এতে সাময়িক ভীতি তৈরি করা সম্ভব। কিন্তু তারপরও মানুষ ঝুঁকি নিয়ে অপরাধ করছে। যৌন হেনস্তা, নারী নির্যাতন, ধর্ষণের মূল কারণ যদি খুঁজে বের করে উপরে ফেলা না যায় তাহলে আমার আশঙ্কা ধর্ষণ চলতেই থাকবে।