বিক্ষোভের ডামাডোলে কোণঠাসা করোনা
কারো দাবি, ‘নুরকে ফাঁসানো হয়েছে’। আবার কেউ বলছেন, ‘বিমানের টিকেট দেও’। এছাড়া আরো হরেক রকমের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে সড়কে জটলা করে চলছে বিক্ষোভ সমাবেশ। কিন্তু এই এতো শত দাবির মাঝে যেন একরকমের ‘অবহেলিতই করোনাভাইরাস’। দেশে আজ পর্যন্ত করোনায় ৫ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে। ৬ মাস ১৪ দিনে আক্রান্ত সাড়ে তিনলাখ ছাড়িয়েছে। সংখ্যার হিসেবে কোনোভাবেই কোভিড-১৯ কে অবহেলা করা যাবে না বলে মত বিশেষজ্ঞদের।
দেশে প্রথম দফায় করোনার সংক্রামণ কিছুটা কমে এলেও বিশ্বের বিভিন্ন দেশে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে। বিষয়টিকে করোনার সেকেন্ড ওয়েভ হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা। এ প্রেক্ষাপটে বাংলাদেশেও পুনরায় সংক্রমণের আশঙ্কার কথা জানিয়েছে কোভিড-১৯–বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কিন্তু এই পরিবেশে এ ধরনের সভা-সমাবেশ থেকে করোনার ব্যাপক বিস্তার হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।